ইয়েমেনে সৌদি আরবের সাম্প্রতিক হামলার পর পাল্টা জবাব হিসেবে সৌদির জিজান ও ইয়ানবুর তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে জিজানে আরামকোর একটি স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। বার্তাসংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।
তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।
এর আগে সৌদি সরকার সাধারণ মানুষকে সতর্ক করে জিজান ও ইয়ানবু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল।
প্রায় ২ সপ্তাহ আগে ইরান থেকে আসা একটি বিমানকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি আরব। ওই ঘটনার পর সৌদির সঙ্গে হুতি বিদ্রোহীদের নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর হুতিরা সৌদিতে হামলা চালায় এবং তার জবাবে সৌদি আরবও পাল্টা হামলা শুরু করে। শনিবারও রিয়াদ ইয়েমেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরই আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা।