Skip to main content

Ridge Bangla

হিমাচলে চলন্ত ট্যাক্সির ওপর পাহাড়ধস, শিশুসহ নিহত ১৩

ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে চলন্ত একটি ট্যাক্সির ওপর পড়ায় ছয় মাস বয়সী এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আরও দুজন।

শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৫ জন যাত্রী নিয়ে ট্যাক্সিটি কুল্লু থেকে কিলারের উদ্দেশে যাচ্ছিল। পথে উদয়পুর-পাঙ্গি সড়কে পাহাড়ের ঢাল থেকে বড় বড় পাথর গাড়িটির ওপর আছড়ে পড়লে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর ট্যাক্সিটির পেছনের অংশে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দা ও সেনাসদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ভারমুরের বিধায়ক জনক রাজ পিটিআইকে জানান, ট্যাক্সিতে থাকা ১৫ জনের মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি দুই যাত্রী গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান। তিনি চাম্বা ও লাহুল-স্পিতির ডেপুটি কমিশনারদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, উদয়পুর-কিলার সড়ক আগের দিন বন্ধ থাকায় যাত্রীরা হিমাচলের তিন্দি এলাকায় আটকা পড়েছিলেন। শুক্রবার সড়কটি চালু হলে তারা পাঙ্গির উদ্দেশে রওনা দেন। পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন