Skip to main content

Ridge Bangla

‘হাসিনাকে সরাতে লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লেগেছে ১৫৮ দিন’: এবি পার্টি

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে অপসারণে বিলম্ব নিয়ে বিএনপির সমালোচনা করেছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, জুলাইয়ের অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির পদে থাকা বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ চেয়েছিল এবি পার্টি। তবে ক্ষমতাসীন দল বিএনপি শুরু থেকেই এ বিষয়ে সম্মত ছিল না। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাও এ পরিস্থিতির জন্য দায়ী বলে মন্তব্য করেন তারা।

এবি পার্টির দুই নেতা বলেন, সাংবিধানিক শূন্যতার আশঙ্কা এবং রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণের বিষয়টি সামনে এনে বিএনপি বারবার সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের দাবি, নির্বাচনে বিজয়ের পর জুলাই অভ্যুত্থানের পক্ষে সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দিয়ে বক্তব্য দেওয়ানোর মাধ্যমে পুরো বিষয়টি আরও হাস্যকর হয়ে ওঠে। একই সঙ্গে সংসদে সর্বসম্মতিক্রমে অভিশংসনের উদ্যোগ নিতেও বিএনপি পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ‘চেপে বসা ফ্যাসিবাদের মূল শেখ হাসিনা, তার চোর-লুটেরা মন্ত্রী পরিষদ, পদলেহনকারী চিফ জাস্টিস, পুলিশ বাহিনীর হোতাবৃন্দ, দালাল সাংবাদিকগণ, ব‍্যবসায়ীসহ প্রধান চরিত্রের বেশিরভাগ অংশকে বিতাড়িত করতে সংগ্রামী ছাত্র-জনতার লেগেছিল মাত্র ৩৬ দিন। এর জন‍্য লেগেছিল সকলের ঐক‍্যবদ্ধতা। সংবিধানের দোহাই, সংসদ, আইনের ফাঁকফোকর কিছুরই প্রয়োজন হয়নি। কিন্তু ফ্যাসিবাদের অংশীদার পুতুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে সংসদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী বিএনপির লেগেছে ১৫৮ দিন। এর অন্তরালে কী উদ্দেশ্য কাজ করেছে তা আশা করি জনগণ বিবেচনায় নেবে।’

এবি পার্টির নেতারা মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, ব্যাংকের অর্থ লুটপাট ও পাচারসহ সব অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

This post was viewed: 4

আরো পড়ুন