Ridge Bangla

হালতি বিলে অবৈধ জাল জব্দ, জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে অবৈধ বাধাই জাল ব্যবহার করে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৯০০ ফুট জাল জব্দের পাশাপাশি জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিলের পাটুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান জানান, বর্ষা শুরু হওয়ার পর কিছু জেলে অবৈধ বাধাই জাল ব্যবহার করে নির্বিচারে পোনা মাছ নিধন করছেন। এতে হালতি বিলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি নৌকায় মাছ ধরতে আসা জেলেদের কাছ থেকে ৯০০ ফুট বাধাই জাল জব্দ করা হয়। পরে জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি নৌকাও জব্দ করেছে প্রশাসন। এ ছাড়া অভিযুক্ত ২২ মাছ শিকারির কাছ থেকে ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে উদ্ধার করা পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান।

This post was viewed: 6

আরো পড়ুন