দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
সিটি করপোরেশন এলাকাগুলোর মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক শিশু টিকা পেয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি শিশু টিকার আওতায় এসেছে বলে জানানো হয়েছে।
গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে ওইসব উপজেলায় কার্যক্রম শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেখানে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে, সেখানে হামের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।