দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি সাম্প্রতিক সময়ে হামজনিত শিশুমৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা জানান, টিকাদান কার্যক্রম নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনা চলছে। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বড় ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা নেই বলে তিনি মন্তব্য করেন।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে লোডশেডিং হয়নি, তবে প্রয়োজন অনুযায়ী সীমিত সমন্বয় করা হতে পারে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।