Ridge Bangla

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসাবটি ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলাতেই মারা গেছে ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৪ জন।

এর আগে সোমবারও হাম ও এর উপসর্গে ৭ শিশুর মৃত্যুর খবর জানানো হয়েছিল, যার মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৭ জনে। একই সময়ে সন্দেহজনক উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন।

This post was viewed: 4

আরো পড়ুন