Ridge Bangla

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল এবং বাকি ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হাসপাতালগুলোতে আক্রান্তদের আলাদা রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা। শয্যা সংকটের কারণে অনেক ক্ষেত্রেই আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সঙ্গে রাখতে হচ্ছে, ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে মোট ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন। এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪২ জন এবং উপসর্গ নিয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন