দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে হামের চলমান প্রাদুর্ভাবে গত দুই মাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৫ হাজার ৬১১ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন নিশ্চিত রোগী ১১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দুই মাসে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
উল্লেখিত এই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ৩৭৭ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।