Ridge Bangla

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যেসব শিশুকে সম্প্রতি হামের টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

সোমবার (১১ মে) বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী চার বছর পরপর হামের টিকাদান কর্মসূচি পরিচালিত হওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর তা ব্যাহত হয়। ফলে অনেক শিশু টিকার আওতার বাইরে থেকে যায় এবং বর্তমানে সংক্রমণ বেড়ে যায়।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় পর্যাপ্ত হামের ভ্যাকসিন মজুত ছিল না। তবে জরুরি উদ্যোগে দ্রুত টিকা সংগ্রহ করে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের টিকিট কাউন্টার, বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এক কর্মীকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী।

This post was viewed: 5

আরো পড়ুন