দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৯৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩ জন শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৮ হাজার ৯৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।