দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জন।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭১৫ জন। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। এ দুই সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮১০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮৭ জনের। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৯৫০ জনের।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।