Ridge Bangla

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে নতুন উপসর্গ ৭৭৩ জনের

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ শিশুর এবং ঢাকা বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৬৮৯ জন এবং হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৪ হাজার ৩১৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৫৩৯ জন।

This post was viewed: 5

আরো পড়ুন