ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এবং কানাডিয়ান লিগে খেলা শমিত সোমের পথ ধরে এবার লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার। তারা হলেন ট্রেভর ইসলাম ও জায়ান হাকিম। প্রথমজন ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম, যিনি খেলেন আমেরিকার ফার্স্ট টায়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেনস সকার ক্লাবে। আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমের বিষয়েও চলছে আনুষ্ঠানিক প্রক্রিয়া।
ট্রেভর ইসলামের বাংলাদেশি পাসপোর্ট নেই, তাই পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরোদমে। ট্রেভর ইসলামের এ বছরই লাল-সবুজের জার্সিতে খেলা হবে না বলে জানিয়েছেন তার এজেন্ট আবিদ আনোয়ার। এছাড়া আরেক ফরোয়ার্ড জায়ান হাকিমের পাসপোর্ট তৈরির কাজও চলছে বলে জানান এজেন্ট। ট্রেভর ইসলাম ফিনিশিং দক্ষতা এবং পজিশনিংয়ের জন্য সুপরিচিত।
বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী ও শমিত সোমের পর এবার ট্রেভর ইসলাম ও জায়ান হাকিম—এই দুই নাম নতুন আশার প্রতীক। এই দুই প্রবাসী ফুটবলারের জাতীয় দলে যোগদানের আগ্রহ বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে এই দুই ফুটবলার যোগ দিলে সমর্থকদের চিরচেনা সেই গোল সংকট কাটবে—এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।