দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় হান্টাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ভাইরাসটিতে ৩২ জনের মৃত্যু হয়েছে, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ।
সম্প্রতি ‘এমভি হোন্ডিয়াস’ নামের একটি ক্রুজ জাহাজে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিকভাবে উদ্বেগ আরও বেড়েছে। জাহাজটিতে দুই পর্যটকের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করা জাহাজটি বর্তমানে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।
আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আগের মৌসুমে এই সংখ্যা ছিল ৫৭।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার কারণে ভাইরাসটির বিস্তার বাড়ছে। সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র, লালা বা বিষ্ঠার মাধ্যমে মানুষের শরীরে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ে।
এদিকে সংক্রমণের পাশাপাশি মৃত্যুহারও বেড়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে মৃত্যুর হার ১০ শতাংশ বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।