Skip to main content

Ridge Bangla

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জানিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিবৃতিতে জানানো হয়, হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর কালভার্ট রোড এলাকায় জুম্মার নামাজ শেষে একটি ব্যাটারিচালিত রিকশায় করে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর থেকেই ভারতে পালিয়ে যাওয়া খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি ওঠে।

This post was viewed: 34

আরো পড়ুন