Ridge Bangla

হাদির হামলাকারীরা ভারতে পালালে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিলে তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টার বিষয়েও ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে অন্তত পাঁচবার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো।

এদিকে, হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে রিকশায় করে যাওয়া ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।

This post was viewed: 35

আরো পড়ুন