ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহী ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রের দাবি, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে।
বিভিন্ন পক্ষ দাবি করছে, হামলার পরপরই ওই দুই ব্যক্তি একটি প্রাইভেটকারে রাজধানী ছেড়ে ময়মনসিংহে যান। পরে সেখানে আরেকটি প্রাইভেটকার ভাড়া করে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকার একটি পেট্রোল পাম্পে পৌঁছান। সেখান থেকে তারা একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে সীমান্তবর্তী গ্রাম ভূটিয়ারকোনা দিয়ে ভারতে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এই পারাপারে সহযোগিতার অভিযোগে হালুয়াঘাটের ভূটিয়ারকোনা এলাকার দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন সিবিরন দিও (৩৫) ও সঞ্জয় লিপি (২৫)। বর্তমানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, হামলার ঘটনায় জড়িতদের ভারতে পালাতে সহায়তার অভিযোগে হালুয়াঘাট থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় শরীফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন। হামলার পর থেকেই দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের ধরতে তৎপরতা জোরদার করেছে।