Ridge Bangla

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে। চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণে তার অবস্থায় আশাব্যঞ্জক কোনো পরিবর্তন দেখা যায়নি।

বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে আহত হাদিকে সরাসরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সেদিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোনে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। ফোনালাপে ড. বালাকৃষ্ণান স্পষ্টভাবে জানান, শরিফ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। জটিল নিউরোলজিক্যাল আঘাতের কারণে তার চিকিৎসা অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

হাদির সর্বশেষ পরিস্থিতি জানার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আহত এই নেতার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন। তিনি বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাদির চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

This post was viewed: 36

আরো পড়ুন