হলিউডে নতুন তারকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী সিডনি সুইনি। ওয়াশিংটনের ছোট শহর স্পোকেনে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই প্রতিভাবান অভিনেত্রী ১১ বছর বয়সেই নিজের ক্যারিয়ারের পরিকল্পনা তৈরি করেছিলেন। কঠোর পরিকল্পনা ও অদম্য ইচ্ছাশক্তি তাঁকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসে, যেখানে ছোট চরিত্রে অভিনয় দিয়ে শুরু করেন।
সাফল্যের মূল দ্বার খুলে যায় নেটফ্লিক্সের ‘এভরিথিং সাকস!’ এবং এরপর এল এইচবিওর ‘দ্য হ্যান্ডমেইডস টেল’। কিন্তু খ্যাতির বিস্ফোরণ ঘটে ‘ইউফোরিয়া’-তে, যেখানে ক্যাসি হাওয়ার্ড চরিত্রে তিনি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেন। চরিত্রের আবেগ, হতাশা, প্রেম ও আত্মপরিচয়ের দ্বন্দ্ব তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন।
এরপর ‘দ্য হোয়াইট লোটাস’-এ অলিভিয়া মসব্যাচার চরিত্রে অভিনয় ও এমি অ্যাওয়ার্ডের নামিনেশন তাঁকে আরও স্বীকৃতি এনে দেয়। ২০২৩ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ‘এনিওয়ান বাট ইউ’-তে তাঁর কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে।
সিডনি শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন; নিজের প্রযোজনা সংস্থা ‘ফিফটি ফিফটি ফিল্মস’-এর মাধ্যমে নতুন ও প্রান্তিক নারী পরিচালকদের সুযোগ দিচ্ছেন। আসছে নভেম্বরে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘ক্রিস্টি’, যেখানে তিনি রূপান্তরিত হয়েছেন নারীযোদ্ধার চরিত্রে। এছাড়া ‘দ্য হাউসমেইড’-এ রহস্যময় চরিত্রে অভিনয় তাঁর পরবর্তী শক্তিশালী যাত্রা হিসেবে দেখছেন সমালোচকরা।