বলিউড অভিনেতা বাবিল খান রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনেকে সহকর্মীর প্রশংসা করলেও তার ভঙ্গি এবং বক্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করে। তিনি বলেন, বলিউড ধ্বংসের পথে এবং উল্লেখ করেন অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদীসহ কয়েকজন তারকার নাম। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়, কিন্তু পরে বাবিল সেটি ডিলিট করেন এবং সঙ্গে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন।
এই ঘটনার প্রেক্ষিতে বলিউডের আরেক অভিনেতা হর্ষবর্ধন রানে ইনস্টাগ্রাম স্টোরিতে বাবিলকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা দেন। তিনি লিখেন, “প্রিয় বাবিল খান, তোমার মধ্যে ঈশ্বরপ্রদত্ত অভিনয় দক্ষতা রয়েছে, আমাদের তোমাকে এই উত্তরাধিকার বহন করে নিয়ে যেতে হবে! অভিনয়েই মন দাও, ইভেন্ট ও আফটার পার্টি থেকে দূরে থাকো, যাতে বিরক্তিকর লোকদের সংস্পর্শ এড়ানো যায়।”
হর্ষবর্ধন আরও লেখেন, “আমি কোনো ফিল্মি পরিবার থেকে আসিনি, তবে শিখেছি, মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না যদি তুমি নিজে সেটা না হতে দাও। নিজের অবস্থানে দৃঢ় থাকো। আর অনুগ্রহ করে মদ এবং এ ধরনের জিনিস থেকে দূরে থাকো, কারণ দৃঢ় হয়ে দাঁড়াতে হলে শক্তি দরকার। নিজের যত্ন নিও।”
বাবিলের পরিবার পরে একটি বিবৃতি দিয়ে জানায়, ভিডিওটি মুছে দেওয়ার পেছনে কোনো বিতর্ক নয় বরং ভুল ব্যাখ্যার শঙ্কাই কারণ। বিবৃতিতে বলা হয়, “বাবিল ভিডিওটিতে সত্যিকারেরভাবে অনন্যা, শানায়া, সিদ্ধান্ত, রাঘব, আদর্শ, অর্জুন এবং অরিজিৎ-এর মতো শিল্পীদের প্রশংসা করছিল, যারা ইন্ডাস্ট্রিতে হৃদয় ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।”
বাবিল খান, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খান ও লেখক-প্রযোজক সুতপা শিকদারের সন্তান। ২০২২ সালে তিনি Qala সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। সর্বশেষ তিনি অভিনয় করেছেন Logout ছবিতে, যেটি মুক্তি পেয়েছে ZEE5-এ।