স্ত্রী, ভেড়িয়া, মুঞ্জ্যা ও থাম্মা-এর পর এবার ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে নতুন অধ্যায় যোগ হতে চলেছে। আসন্ন সিনেমা ‘শক্তি-শালিনী’-তে প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যাবে ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডাকে। শুরুতে কিয়ারা আদভানিকে নিয়ে নির্মাণের কথা থাকলেও শেষ পর্যন্ত অনীতই এই বহুল প্রতীক্ষিত ছবিতে জায়গা করে নেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত ‘থাম্মা’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে ‘শক্তি-শালিনী’-এর ঘোষণাপত্রের ভিডিও। অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
‘শক্তি-শালিনী’ ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়। এই ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে ‘স্ত্রী’ দিয়ে। এরপর ধারাবাহিকভাবে মুক্তি পেয়েছে ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুঞ্জ্যা’ (২০২৪), ‘স্ত্রী ২’ (২০২৪) এবং সর্বশেষ ‘থাম্মা’। প্রতিটি সিনেমা ভয়-হাসির মহাবিশ্বকে বিস্তৃত করেছে।
২০২৬ সালে এই ইউনিভার্স থেকে আসছে আরও তিনটি বড় সিনেমা—‘শক্তি-শালিনী’, ‘চামুন্ডা’ ও ‘ভেড়িয়া ২’। ২০২৭ সালে মুক্তি পাবে ‘স্ত্রী ৩’, আর ২০২৮ সালে ‘মহামুঞ্জ্যা’, ‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’ মুক্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি ঘটবে।
এতে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, বরুণ ধাওয়ান, অনীত পাড্ডা ও অক্ষয় কুমার। ভবিষ্যতে আরও শীর্ষ তারকাদের নাম প্রকাশ করা হবে। বলিউড মহলে গুঞ্জন, ‘শক্তি-শালিনী’ হতে পারে ভারতের নিজস্ব মার্ভেল ধাঁচের সিনেমাটিক বিপ্লব, কারণ এটি নতুন পৌরাণিক অধ্যায়ের সঙ্গে দর্শকদের জন্য ক্রসওভার অভিজ্ঞতা আনবে।