Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালি দিয়ে এক রাতেই এক কোটি পঁচিশ লাখ ব্যারেল তেল পরিবহন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে এক রাতেই প্রায় এক কোটি পঁচিশ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। সাম্প্রতিক সংঘাত শুরুর পর একদিনে এটিই সর্বোচ্চ তেল পরিবহনের ঘটনা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেন, এটি দুই দেশের মধ্যে হওয়া চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের ইতিবাচক ইঙ্গিত।

জেডি ভ্যান্সের দাবি, টানা দ্বিতীয় রাতের মতো হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে হামলা চালায়নি ইরান। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তত্ত্বাবধানে দশটির বেশি জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আবার স্বাভাবিকভাবে শুরু হয়েছে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে দুই দেশের চলমান সংঘাতের অবসান ঘটে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ষাট দিনের নতুন আলোচনা পর্ব শুরু হয়।

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেন, ইরান চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত তেহরান চুক্তির শর্ত মেনে চলছে বলেও দাবি করেন তিনি।

This post was viewed: 12

আরো পড়ুন