যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আবার খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও এই জলপথ ঘিরে দেওয়া নৌ অবরোধ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে।
বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই কূটনৈতিক অগ্রগতির তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের এই সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে।’
তিনি আরও জানান, এই ঘটনাকে কেন্দ্র করে এবং পরবর্তী কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে আগামী ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সহ-মধ্যস্থতাকারী দেশ কাতারের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করছে পাকিস্তান।
যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘এই সমঝোতা স্মারকটি সমগ্র অঞ্চলের বৃহত্তর সমঝোতা, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ সমৃদ্ধির জন্য একটি স্থায়ী ভিত্তি হিসেবে কাজ করুক।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে করেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে এই শান্তি উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।