আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি।
মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ অগ্রগতি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।
এছাড়া আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দুই দেশ যৌথ সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, লোহিত সাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ব্যাপক প্রভাব পড়ছে। জাপান তাদের প্রয়োজনীয় অপরিশোধিত জ্বালানি তেলের ৯০ শতাংশের বেশি আমদানির জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল।