Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিরাপদে উদ্ধার

হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন। এ ঘটনায় কেউ আহত হননি।

মঙ্গলবার (৯ জুন) ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং তদন্তের বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে প্রকাশ করা হবে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য পথের চাপ কমাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে এটিই প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য হুমকি তৈরি করা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তারা। পাশাপাশি মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা যেকোনো ‘ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষায় প্রস্তুত’ রয়েছে।

অন্যদিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২১ শতাংশ অবশিষ্ট রয়েছে।

তবে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রও ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও ৩৯৯ জন আহত হন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্চ মাসে একটি ‘এফ-১৫’ যুদ্ধবিমান বিধ্বস্তসহ আরও কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই পাইলটদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন