যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে ভারতীয় নাবিক হীরম্ব কর্মকারের অবস্থান নিয়ে সব সময়ই উদ্বেগে ছিল তার পরিবার। অঞ্চলটিতে নতুন করে হামলা শুরু হলে সেই আতঙ্ক আরও বেড়ে যায়। তবে বাড়িতে ফোন করে পরিবারকে আশ্বস্ত করেছিলেন তিনি। জানিয়েছিলেন, চিন্তার কারণ নেই, হরমুজ প্রণালি পেরিয়ে গেছেন। পরিবারের সঙ্গে সেটিই ছিল তার শেষ কথা।
এরপর ওমান উপসাগরে হীরম্ব কর্মকারের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলায় মৃত্যু হয় তার।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণের বাসিন্দা ৩০ বছর বয়সী হীরম্ব কর্মকার সাইপ্রাসের পতাকাবাহী ‘জিএফএক্স গ্যালাক্সি’ বাণিজ্যিক জাহাজে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক।
গত রোববার জাহাজটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর ওমানের নৌবাহিনী ২৩ নাবিককে উদ্ধার করে। তবে ১ জন নিখোঁজ ছিলেন। নিখোঁজ ওই নাবিকই ছিলেন পুণের হীরম্ব কর্মকার।
বুধবার (১৫ জুলাই) হীরম্বের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। এরপরও জাহাজটিকে লক্ষ্যবস্তু করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ঘটনার পর ভারতে নিযুক্ত ইরানি কূটনীতিককে তলব করেছে নয়াদিল্লি। একই সঙ্গে কড়া ভাষায় হামলার প্রতিবাদ জানিয়েছে ভারত।