হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার পর বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছেন। বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল সমর্থক হিসেবে দাবি করেছেন। মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট মো. আঙ্গুর আলীসহ কয়েকজন আইনজীবী।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম।
বাদীর আরজিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালান। এতে মাহমুদুল হাসানসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।