হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকারের ৫৪ বোতল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, একই দিন বিকেলে চুনারুঘাট উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল পাওয়া যায়।
পরে মালিকবিহীন অবস্থায় থাকা ৫৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। এ ঘটনায় কোনো আটক বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।