Ridge Bangla

হবিগঞ্জে বাস–পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। পরে সকালে স্থানীয়রা পিকআপটি খাদে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে পিকআপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে, একই দিন ও তার আগের রাতে দেশের বিভিন্ন স্থানে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আরও তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন।

This post was viewed: 13

আরো পড়ুন