Skip to main content

Ridge Bangla

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৮ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এ পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।

হাজিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

সৌদি আরবে মৃত্যুবরণকারী ৪৮ জন বাংলাদেশি হাজির মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে মক্কায়। এছাড়া মদিনা ও জেদ্দাতেও কয়েকজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৩৬০ জন বাংলাদেশি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। গত ৩০ মে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন