চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ধর্ম মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ১২২টি ফ্লাইটে মোট ৪৭ হাজার ৮৫২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৭৮১ জন।
হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৬টি, সৌদি এয়ারলাইন্স ৪৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছরের হজ কার্যক্রম গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামী ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন অব্যাহত থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।