Ridge Bangla

হজের ব্যয় কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ, রাষ্ট্রদূতের ইতিবাচক আশ্বাস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়ার। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আফরোজা খানম বলেন, বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে বিপুলসংখ্যক বাংলাদেশি হজযাত্রী উপকৃত হবেন। এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি-ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি-ডি সুবিধা পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা চান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

This post was viewed: 4

আরো পড়ুন