দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে ডিভাইসের দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ আরও সহজ হবে।
শনিবার (২৫ এপ্রিল) ‘নতুন টেলিযোগাযোগ নীতিমালা: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এ কথা জানান।
তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় অর্ধেক মানুষের হাতে এখনো স্মার্টফোন পৌঁছায়নি। যেখানে একটি ফিচার ফোন ৯০০ থেকে ১ হাজার টাকায় পাওয়া যায়, সেখানে সাশ্রয়ী স্মার্টফোনের দাম ৯ থেকে ১০ হাজার টাকা হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। এ অবস্থায় সরকার উৎপাদক, বিক্রেতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে দাম কমানোর উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট’ নীতি প্রণয়নের পরিকল্পনাও রয়েছে, যা নাগরিক সেবাকে আরও সহজ করবে।