ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী। একই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকও নিহত হয়েছেন।
বুধবার সকালে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের বাসিন্দা ইসমাইল হোসেন। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোরের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা।
পথে নড়াইলের বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। দুর্ঘটনায় আহত আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালক আকবর আলীও মারা যান। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে জানা গেছে।
এদিকে নওগাঁর পত্নীতলায় পৃথক আরেক সড়ক দুর্ঘটনায় অনিয়ন্ত্রিত ট্রাক্টরের চাপায় একজন নিহত হয়েছেন।