Ridge Bangla

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত বিষয়ে সতর্ক থাকার আহ্বান নুরুল হকের

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে জামায়াতের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার অভিযোগ, প্রকাশ্যে সরকারবিরোধী অবস্থান নিলেও আড়ালে জামায়াত ভিন্ন ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে, যার উদ্দেশ্য বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগের পুনরায় রাজনৈতিক অবস্থান তৈরি করা।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই : প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জামায়াতকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় আনার লক্ষ্যে ছাত্রদেরও তাদের প্রভাবের মধ্যে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় ছাত্রদের ব্যবহার করে জামায়াত-শিবিরের লোকদের পদায়ন করা হয়েছে। তার ভাষ্য, “আমাদের বন্ধু ও ভাইয়েরা নিজেরা একটি রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামায়াতের জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে গেছে।” তিনি আরও বলেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো ট্রাফিক পুলিশ ছিল না, তখন সাধারণ মানুষ দায়িত্ব পালন করেছে এবং সারা দেশে কোনো অপরাধের ঘটনা ঘটেনি। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও অন্তর্বর্তী সরকারের ভেতরে “কিচেন ক্যাবিনেট নয়-ছয় শুরু করেছে” বলে মন্তব্য করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও বক্তব্য দেন।

ইশরাক হোসেন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্তরের মূল চেতনাকে তুলনা করলে বলা যায়, একাত্তরের ধারাবাহিকতায়ই চব্বিশের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তার মতে, দুটি ঘটনা একই সূত্রে গাঁথা, পরস্পরবিরোধী নয়। তিনি বলেন, একাত্তরে যেমন পাকিস্তান বাংলাদেশকে দাসত্বে রাখতে চেয়েছিল, তেমনি চব্বিশে ভারতের আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। তবে তিনি উল্লেখ করেন, একাত্তরের সঙ্গে চব্বিশকে এক করে দেখা উচিত নয়।

মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, “যাদের অতীতের ইতিহাস..। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে কোন দলের কোন ভূমিকা ছিল। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করার জন্য সূচনালগ্ন থেকে আজ অবধি কোনো কোনো রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল সেটা নতুন করে বলার দরকার নেই। কারণ, এটা বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে।”

This post was viewed: 1

আরো পড়ুন