Ridge Bangla

স্বর্ণ চুরির মামলায় দুই পুলিশ সদস্যসহ ৪ জন কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্যসহ ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. খায়রুল বাশার, সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা থানার উপপরিদর্শক খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের উদ্দেশ্যে সুমা আক্তারের বাড়িতে যান। অভিযানের সময় তারা স্বর্ণালংকার চুরি করেন বলে অভিযোগ ওঠে। পরে সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে। একই সঙ্গে অভিযুক্ত উপপরিদর্শক ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ফতুল্লার জামতলা এলাকায় সোর্স নিয়ে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময় স্থানীয় লোকজন দুই পুলিশ সদস্য ও দুই সোর্সকে গণপিটুনি দেয়। পরে জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে যায়।

This post was viewed: 4

আরো পড়ুন