থাইল্যান্ডের ব্যাংককে পা রাখতেই উচ্ছ্বাসে ভাসলেন ফিলিপাইনের সুন্দরী আহতিসা মানালো। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় অংশ নিতে গত রোববার দেশটিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে তার আগমন ঘিরে হাজারো ভক্তের ঢল নামে। হাতে ফিলিপাইনের পতাকা ও প্রিয় রানির প্রতিকৃতি নিয়ে তারা উল্লাসে মেতে ওঠেন।
মিস ইউনিভার্স আয়োজক কমিটির নির্ধারিত আগমনের দিন ছিল ২ নভেম্বর। যদিও বেশ কয়েকজন প্রতিযোগী আগেই পৌঁছেছিলেন, আহতিসার আগমনেই দেখা যায় সবচেয়ে বেশি উচ্ছ্বাস। ফিলিপাইন মিস ইউনিভার্স সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়, ভালোবাসা ও সমর্থনে আমরা অভিভূত। এটি ফিলিপিনো জাতির গর্বের প্রতীক।
২৮ বছর বয়সী আহতিসা এদিন পরেছিলেন আধুনিক ঢঙে তৈরি ঐতিহ্যবাহী থাই পোশাক—সাদা সূচিকর্ম করা ব্লাউজ, সোনালি ওড়না ও ঢিলেঢালা পায়জামা। পোশাকের মাধ্যমে তিনি আয়োজক দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। এর আগে ফিলিপাইনের নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে আহতিসাকে বিদায় জানাতে ভক্তরা জড়ো হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “ফিলিপাইন, এই ভালোবাসা ও বিদায়ের উষ্ণতার জন্য ধন্যবাদ।”
ফিলিপাইন এবার পঞ্চমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জয়ের স্বপ্ন দেখছে। এর আগে দেশটির চার সুন্দরী গ্লোরিয়া দিয়াজ (১৯৬৯), মারজি মোরান (১৯৭৩), পিয়া উরৎজবাখ (২০১৫) ও ক্যাটরিনা গ্রে (২০১৮) এই খেতাব অর্জন করেছিলেন। এবারের আসর হতে যাচ্ছে মিস ইউনিভার্স ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন, যেখানে অংশ নিচ্ছেন ১২০টিরও বেশি দেশের প্রতিযোগী। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।