Skip to main content

Ridge Bangla

স্পেনের বিশ্বকাপ জয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকা মানুষেরও বিজয়: ইরান

বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই অর্জন শুধু স্পেনের ক্রীড়া সাফল্য নয়, বরং বিশ্বজুড়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সমালোচনাকারী মানুষের কাছেও এটি আনন্দের উপলক্ষ। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পেনের বিশ্বকাপ জয়কে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের ফুটবলারদের সংহতি এবং ইরানের প্রতি দেশটির সমর্থন প্রমাণ করে যে স্বাধীনতা ও আত্মমর্যাদাবোধ স্পেনের অন্যতম বৈশিষ্ট্য।

গালিবাফ বলেন, স্পেনের ১-০ গোলের এই জয় শুধু দেশটির জনগণের হৃদয়েই আনন্দ আনেনি; বরং বিশ্বের বহু স্বাধীনতাকামী, সার্বভৌমত্বে বিশ্বাসী ও ন্যায়বিচারপ্রত্যাশী মানুষের কাছেও আনন্দের বার্তা হয়ে এসেছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনকে অভিনন্দন জানান। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের ধারাবাহিক অবস্থান এবং দেশটির জাতীয় ফুটবল দলের আচরণ অত্যন্ত প্রশংসনীয় ও মূল্যবান।

ইরানের বক্তব্যে স্পেনের বিশ্বকাপ জয়ের সঙ্গে সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিরও সম্পর্ক তুলে ধরা হয়েছে। তেহরানের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরোধিতা করায় আন্তর্জাতিক অঙ্গনে স্পেন সরকার ব্যাপক সমর্থন অর্জন করেছে। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই সমর্থনের প্রতিফলন দেখা গেছে।

অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দীর্ঘদিন ধরে ইসরায়েলের নীতির প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিত। এ কারণে বিশ্বকাপের ফাইনালে ইসরায়েলের অনেক রাজনীতিক ও সমর্থক আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন।

এমন প্রেক্ষাপটে রোববার নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ইরানের দৃষ্টিতে, এই জয় কেবল ফুটবলের সাফল্য নয়, সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতিতে স্পেনের অবস্থানেরও একটি প্রতিফলন।

This post was viewed: 17

আরো পড়ুন