স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে তাঁর কোনো ধরনের বিরোধ বা উত্তেজনা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দেওয়ার পর এবার ভিন্ন সুরে এ মন্তব্য করেন তিনি।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। খেলা দেখতে উপস্থিত ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও। এ সময় ভিআইপি বক্সে ট্রাম্পের সঙ্গে তাঁর করমর্দনের দৃশ্যও দেখা যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাঁর সঙ্গে আমার কোনো টানাপোড়েন নেই। কারও সঙ্গেই আমার কোনো টানাপোড়েন নেই।’
তিনি জানান, স্পেনের ‘দারুণ দলের’ জন্য দেশটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। ফাইনাল ম্যাচকে তিনি ‘রোমাঞ্চকর’ এবং ‘দারুণ একটি আসর’ হিসেবে বর্ণনা করেন। আর্জেন্টিনার পরাজয়ে তিনি হতাশ কি না- এমন প্রশ্নও নাকচ করে দিয়ে বলেন, ‘স্পেনই ভালো খেলেছে’, যদিও ম্যাচটি ছিল ‘খুবই হাড্ডাহাড্ডি।’
ট্রাম্পের এই বক্তব্যকে তাঁর সাম্প্রতিক অবস্থানের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসের শুরুতে তিনি স্পেনকে ‘একটি ব্যর্থ রাষ্ট্র’ এবং ‘ন্যাটোর জন্য ভয়াবহ অংশীদার’ বলে মন্তব্য করেছিলেন।
সে সময় তাঁর অভিযোগ ছিল, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে স্পেন মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। পাশাপাশি জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি দিতেও মাদ্রিদ অস্বীকৃতি জানিয়েছিল।
এর আগে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘স্পেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, অনুগ্রহ করে। এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন।’ তিনি আরও বলেন, ‘ওদের সঙ্গে কথাও বলবেন না। তারা হতাশ জাতি, খারাপ মানুষ।’