Skip to main content

Ridge Bangla

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি এনসিপির

স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট না করে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এককভাবে নির্বাচনে অংশ নিলে ভোট বিভাজনের ঝুঁকিও থাকতে পারে বলে মনে করছেন তারা।

আত্মপ্রকাশের এক বছর পর সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬টি আসন পায় তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন পরবর্তী সময়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে দলটি। একই সঙ্গে তৃণমূল পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছে।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নির্বাচনের চেয়েও বেশি গতিতে চলছে। দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় কমিটি নেই, সেখানে নতুন কমিটি গঠন করা হচ্ছে এবং যেসব কমিটি আগে থেকেই ছিল, সেগুলোর কার্যক্রম ও কর্মক্ষমতা মূল্যায়ন করে সংস্কার করা হচ্ছে।

তিনি বলেন, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কিছু ইতিবাচক দিক রয়েছে। এতে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। নির্বাচনের প্রয়োজনে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠন হবে এবং রাজনৈতিক তৎপরতা তৈরি হবে। তবে ভোট বিভাজনের কারণে কিছু আসনে জয়ের সম্ভাবনা কমে যেতে পারে।

এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দল। তবে নির্বাচন কবে এবং কীভাবে হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় জোট নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে- এমন কাউকে দলে নেওয়ার বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, অনেক রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তি যোগাযোগ করলেও সচেতনভাবে তাদের অনেককে গ্রহণ করা হয়নি। কারণ এমন কেউ দলে এলে স্থানীয় বা জাতীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা এনসিপি চায় না।

This post was viewed: 15

আরো পড়ুন