Ridge Bangla

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ সিদ্ধান্তের আলোকে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি সাংবাদিকদের সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে। এতে স্থানীয় সরকার নির্বাচন উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি সংস্কৃতি গড়ে তুলতে চায়।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহিংসতামুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রক্তপাত, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় ভয়াবহ রূপ নেয়।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার- সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

This post was viewed: 6

আরো পড়ুন