Ridge Bangla

স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতি অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি গঠন

গত ১৭ বছরে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্মসচিব (পরিকল্পনা-১) মো. সামছুল ইসলাম। এছাড়া কমিটিতে স্থানীয় সরকার বিভাগের কয়েকজন উপসচিব ও সিনিয়র সহকারী সচিবকে সদস্য করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা, তা অনুসন্ধান করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্যও যুক্ত করতে পারবে।

শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত ১৭ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, শুধু পিরোজপুরেই এলজিইডির ১ হাজার ৬১০টি প্রকল্পে কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক তদন্ত শেষে ইতোমধ্যে দুদকে মামলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু উন্নয়নকাজ বন্ধ রাখা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন