Ridge Bangla

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে নয়, জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে এবং এ বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

বৈঠক সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ‘ফ্যাসিবাদী শাসনের অবসান’ ঘটে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। তিনি বলেন, গত ১৫–১৬ বছর ধরে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছে, তাদের নেতাদের প্রধানমন্ত্রী আলোচনার জন্য আমন্ত্রণ জানান।

তার ভাষ্য, দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা, কারাবরণ, মামলা, গুম ও হত্যার স্মৃতি ঘিরে বৈঠকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।

স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে দলগুলোর নেতারা ইতিবাচক মতামত দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ প্রধানমন্ত্রী শুরু করেছেন।

This post was viewed: 3

আরো পড়ুন