Skip to main content

Ridge Bangla

স্টারলিংক সেবা চালুর বিষয়ে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের দক্ষতা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বৈঠকে লরেন ড্রেয়ার বলেন, “স্পেসএক্স বর্তমানে বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করছে। কিন্তু এত দ্রুত এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ আমরা অন্য কোথাও দেখিনি। এ জন্য বাংলাদেশের সরকারের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এ সময় লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশে বর্তমানে বর্ষাকাল চলছে। প্রকৃতি এখন খুব সুন্দর, তবে বন্যা ও জলাবদ্ধতার বাস্তবতা আমাদের কানেক্টিভিটি ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। এই কারণে আমাদের নির্ভরযোগ্য প্রযুক্তি এবং সাশ্রয়ী ও টেকসই ইন্টারনেট সেবার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “দূরবর্তী পার্বত্য অঞ্চলে উন্নত কানেক্টিভিটির মাধ্যমে আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা নিয়েছি। এতে করে সেসব এলাকার শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাবে। একই সঙ্গে, ডিজিটাল স্বাস্থ্যসেবাও আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারে। এতে করে তাদের চিকিৎসার ইতিহাস সংরক্ষণ এবং গর্ভবতী নারীদের জন্য সেবার সুযোগও আরও সহজ হবে।”

প্রবাসীদের জন্যও ডিজিটাল হেলথ সেবা কার্যকর হতে পারে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “ভাষাগত সমস্যার কারণে অনেক প্রবাসী চিকিৎসকের কাছে যেতে সংকোচবোধ করেন। এই সেবা চালু হলে তারা বিদেশ থেকেই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা যেসব ছোট ছোট উদ্ভাবনী উদ্যোগ নিচ্ছি, সেগুলো আপনারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারেন।”

লরেন ড্রেয়ার প্রধান উপদেষ্টার ভাবনা ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, “আপনি যে দৃষ্টান্ত তৈরি করছেন, তা আমরা বিশ্বের অন্যান্য নেতাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা বলবো, অধ্যাপক ইউনুস যদি তাঁর নিজ দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও তা পারবেন।”

তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনুসের অবস্থানের প্রশংসা করে বলেন, “সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাঁর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা নিঃসন্দেহে একটি কার্যকর ও সময়োপযোগী দৃষ্টিভঙ্গি।”

This post was viewed: 53

আরো পড়ুন