Ridge Bangla

স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর বিষয়টি কঠোরভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিযোগ যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মে) একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে কয়েকটি উপজেলায় নিম্নমানের খাবার সরবরাহ ও অর্থ আত্মসাতের তথ্য প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তৎপর হয় সরকার।

প্রতিবেদনে বলা হয়, ১১টি উপজেলায় সপ্তাহে ডিম, কলা ও বানরুটি সরবরাহের নামে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাত করা হয়েছে। নিম্নমানের খাবার খেয়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারদের তলব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে জরুরি বৈঠক ডেকে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টদের কার্যাদেশ বাতিলের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে বিষয়টি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হকের নজরে এলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, অনিয়ম প্রমাণিত হলে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 8

আরো পড়ুন