Ridge Bangla

সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগকারীদের করমুক্ত সুবিধা দেওয়া হবে: বিদ্যুৎমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, যারা সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করবেন, তাদের করমুক্ত সুবিধা দেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে ১৫০ কিলোওয়াট ক্ষমতার অন-গ্রিড সোলার সিস্টেম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ খাতে সব ধরনের কর ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি নতুন করে যারা সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করবেন, তাদেরও করমুক্ত (ট্যাক্স ফ্রি) সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জে সরকারি অফিস-আদালতের পাশাপাশি পৌর এলাকার আবাসিক ভবনের ছাদেও সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এসব প্ল্যান্ট স্থাপনকারীরা উৎপাদিত বিদ্যুতের বিল সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকে আদায় করতে পারবেন।

তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও চাপ কমবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন