Skip to main content

Ridge Bangla

সৌদি-মার্কিন যৌথ হামলায় ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সের ৮ সদস্য নিহত

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় ড্রোন হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এই হামলায় ইরাকের প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে নিনেভেহ প্রদেশে বাহিনীটির ৮ সদস্য নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর নিনেভেহ প্রদেশের বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। একই ধরনের দৃশ্য বাসরা প্রদেশেও দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসরার হামলাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

বুধবার সকালে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ‘ইরান সংশ্লিষ্ট’ একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছে।

সেন্ট্রাল কমান্ডের দাবি, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় একটি ইরাকি গোষ্ঠী সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালায়। এর জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন স্থানে সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় সংঘটিত ৩০টি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ড আরও দাবি করেছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান-সংশ্লিষ্ট ইরাকি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নাগরিক এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ৬০০টির বেশি হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে ক্ষয়ক্ষতি এড়াতে চাইলে এসব গোষ্ঠীকে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

This post was viewed: 3

আরো পড়ুন