জনপ্রিয় টেলিভিশন সিরিজ ব্রেকিং ব্যাডে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি প্রজেক্টের কাজে সৌদি আরবে অবস্থান করার সময় ইসলাম গ্রহণ করেন এস্পোসিতো।
তুর্কি আল-শেখের তথ্য অনুযায়ী, ইসলাম গ্রহণের সময় তিনি কালেমা শাহাদাহ পাঠ করেন এবং পরে মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজেও অংশ নেন।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে কাজ করার সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয় এস্পোসিতোর। সেখানকার অভিজ্ঞতা ও আতিথেয়তা তাকে গভীরভাবে প্রভাবিত করে।
তুর্কি আল-শেখ আরও জানান, ইসলাম সম্পর্কে ইতিবাচক অনুভূতি প্রকাশ করার পর আনুষ্ঠানিকভাবে ধর্মটি গ্রহণ করেন এই অভিনেতা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এস্পোসিতোকে একটি মসজিদের ভেতরে নামাজ আদায় করতে দেখা যায়। সেখানে তার সঙ্গে প্রোডাকশন টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
জানকার্লো এস্পোসিতো ব্রেকিং ব্যাড ছাড়াও বেটার কল সল, দ্য ম্যান্ডালোরিয়ানসহ একাধিক জনপ্রিয় সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত গাস ফ্রিং চরিত্রটি টেলিভিশনের অন্যতম আলোচিত ভিলেন চরিত্র হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি সৌদি আরবের বড় বাজেটের নতুন প্রজেক্ট সেভেন ডগসে কাজ করছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন খাতে নিজেদের অবস্থান শক্ত করতে দেশটি বিদেশি তারকাদের অংশগ্রহণ বাড়াচ্ছে। বিষয়টি প্রকাশের পর বিনোদন জগৎ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।