সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) এ হামলার ঘটনা ঘটে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস পর সৌদি আরবের ভূখণ্ডে এটি ইরানের প্রথম সরাসরি হামলা। বিশ্লেষকদের মতে, এ ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে।
হামলার পর সৌদি আরবের আল-খারজ এবং ইয়ানবু শহরে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি মূল্যায়ন শেষে কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য বিপদের আশঙ্কা কেটে গেছে এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে হামলার লক্ষ্যবস্তুতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা বেড়েছে।
এর আগে এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তবে সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।